নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, গ্রেফতার ২
নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর ইজিবাইক চালক শহিদুল ইসলামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ জুন) বিকেলে পার্শ্ববর্তী রাজৈর উপজেলার পান্থাপাড়া এলাকার একটি সড়কের পাশের ঝোপঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শহিদুল ইসলাম মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামের মৃত আব্দুস সালাম মাতুব্বরের ছেলে এবং পেশায় একজন ইজিবাইক চালক ছিলেন।
পুলিশ জানায়, শহিদুল নিখোঁজ হওয়ার পর তদন্ত শুরু করা হয়। তদন্তের একপর্যায়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কমলাপুর গ্রামের নুর হোসেন শেখ (মাইকেল) ও পলাশ শেখকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ এবং তদন্তের ভিত্তিতে মরদেহের অবস্থান শনাক্ত করে উদ্ধার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রেখেছে।
