ঢাকা বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ ২৮ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

জার্মানির সমর্থনে মাগুরায় এবার সাড়ে সাত কিলোমিটার পতাকা

প্রকাশিত: ১১ জুন ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ১০.৫৪ এ.এম
জার্মানির সমর্থনে মাগুরায় এবার সাড়ে সাত কিলোমিটার পতাকা
www.dailyranggaprovat.com

রাঙা প্রভাত ডেস্ক : ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে জার্মানির প্রতি ভালোবাসার অনন্য নজির স্থাপন করেছেন মাগুরা সদরের নিশ্চিন্তপুর গ্রামের কৃষক আমজাদ হোসেন। তিনি এবার সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ জার্মানির পতাকা তৈরি ও প্রদর্শন করে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন।

বুধবার (১০ জুন)  সকালে মাগুরা সদরের নিশ্চিন্তপুর গ্রামের স্কুল মাঠে পতাকাটি প্রদর্শন করা হলে তা দেখতে ভিড় করেন শত শত উৎসুক মানুষ ও শুভানুধ্যায়ী।

জানা গেছে, ৭৮ বছর বয়সী আমজাদ হোসেন পেশায় একজন কৃষক। ১৯৮৭ সালে তিনি একটি জটিল রোগে আক্রান্ত হন। দীর্ঘ চিকিৎসার পরও সুস্থ না হলেও ২০০৪ সালে এক হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে জার্মান ওষুধ সেবন করেন। পরবর্তীতে ২০০৫ সালে সুস্থ হয়ে ওঠার পর থেকেই জার্মানির প্রতি তার বিশেষ অনুরাগ তৈরি হয়।

সে অনুরাগ থেকেই ২০০৬ সালের বিশ্বকাপে তিনি দেড় কিলোমিটার দীর্ঘ জার্মানির পতাকা তৈরি করেন। এরপর ২০১০ সালে দুই কিলোমিটার, ২০১৪ সালে সাড়ে তিন কিলোমিটার, ২০১৮ সালে সাড়ে পাঁচ কিলোমিটার এবং ২০২২ সালে সাত কিলোমিটার দীর্ঘ পতাকা তৈরি করেন। এবার ২০২৬ সালে সেই রেকর্ড ভেঙে পতাকার দৈর্ঘ্য দাঁড়িয়েছে সাড়ে সাত কিলোমিটারে।

স্থানীয় শিক্ষক আশরাফুল আলম বলেন, “আমজাদ হোসেনের এই ব্যতিক্রমী উদ্যোগ মাগুরাকে নতুনভাবে পরিচিত করেছে। আমরা চাই তার তৈরি পতাকাটি একদিন জার্মানির কোনো জাদুঘরে স্থান পাক।”

জেলার ফুটবল সংগঠক সৈয়দ বারিক আনজাম বারকি বলেন, “একজন সাধারণ কৃষক হয়েও ফুটবলের প্রতি এমন নিবেদন সত্যিই বিরল। এটি বিশ্বের দীর্ঘতম সমর্থক পতাকাগুলোর একটি বলে আমি মনে করি।”

আমজাদ হোসেন বলেন, “জার্মান ওষুধে সুস্থ হওয়ার পর থেকেই দেশটির প্রতি আমার গভীর ভালোবাসা তৈরি হয়েছে। যতদিন বেঁচে থাকব, এই ভালোবাসা ধরে রাখব। ২০৩০ সালের বিশ্বকাপে ১০ কিলোমিটার দীর্ঘ জার্মানির পতাকা তৈরির পরিকল্পনা রয়েছে। আমার মৃত্যুর পর এই পতাকা জার্মানির কোনো জাদুঘরে সংরক্ষিত হোক—এটাই আমার প্রত্যাশা।”