নড়াগাতীর মাউলী ইউনিয়নে মাদকবিরোধী অভিযান
নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার মাউলী ইউনিয়নে মাদকের ভয়াবহ বিস্তার রোধে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে একটি মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়েছে। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অভিযানে বক্তারা বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানান।
এ সময় সচেতন নাগরিক সমাজের নেতৃবৃন্দ মাদকমুক্ত মাউলী ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেন।
