ঢাকা শনিবার ১৩ জুন ২০২৬ ৩০ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কচুয়ায় ‘স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শো’ কর্মসূচি

প্রকাশিত: ১২ জুন ২০২৬, শুক্রবার, সময়ঃ ০৯.৩৭ পি.এম
কচুয়ায় ‘স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শো’ কর্মসূচি
www.dailyranggaprovat.com

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের কচুয়ায় তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী ভাবনায় উদ্বুদ্ধ করতে "মেধা,বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ,সবার আগে  বাংলাদেশ "  "স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শো" কর্মসূচির উপজেলা পর্যায়ের জমকালো এক উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

​শুক্রবার (১২জুন) সকালে  কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে ফিতা কেটে ব্যতিক্রমী এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ও বিকেলে সমাপনী অনুষ্ঠান  অনুষ্ঠিত  হয়। উপজেলা প্রশাসনের সহযোগিতায় স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান এবং বিজ্ঞান ক্লাবের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

​সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট -২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাত। সভাপতিত্ব করেন কচুয়া  উপজেলা সহকারি কমিশনার ভুমি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আসিফ হায়দার।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন  করেন উপজেলা সহকারি কমিশনার ভুমি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আসিফ হায়দার।  উপজেলা একাডেমিক সুপার ভাইজার মেহেদী মান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির শিক্ষক মো: রফিকুল ইসলাম, জেলা ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসেন,  সদস্য সচিব মো: শহিদুল ইসলাম,  কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, কচুয়া সরকারি মহিলা ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষক যমুনা গোলদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন স্কুল-কলেজের প্রধানগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


​আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান যুগ তথ্যপ্রযুক্তি ও মেধার যুগ। তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই ধরণের "স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শো" শিক্ষার্থীদের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভা বিকাশ এবং নতুন নতুন উদ্যোক্তা (স্টার্টআপ) তৈরিতে অনন্য ভূমিকা রাখবে।


​মেলায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা তাদের তৈরি চমৎকার সব বিজ্ঞান প্রজেক্ট এবং সৃজনশীল বিজনেস বা ইনোভেশন আইডিয়া প্রদর্শন করে। প্রদর্শিত প্রজেক্টগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল:


​স্মার্ট কৃষি ও সেচ ব্যবস্থা: স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে ফসলের যত্ন নেওয়ার প্রজেক্ট।

​পরিবেশ বান্ধব বর্জ্য ব্যবস্থাপনা: প্লাস্টিক ও বর্জ্য রিসাইকেল করার অভিনব উপায়।

​স্মার্ট সিটি ও ট্রাফিক কন্ট্রোল: শহরের যানজট ও দুর্ঘটনা এড়ানোর আধুনিক মডেল।

​শিক্ষার্থীদের এই মেধা ও চমৎকার সব প্রজেক্ট দেখে আগত প্রধান অতিথি সংসদ সদস্য  ও দর্শনার্থীরা মুগ্ধ হন এবং তাদের ভূয়সী প্রশংসা করেন।​আয়োজকদের বক্তব্য:"আমাদের লক্ষ্য কেবল তাত্ত্বিক শিক্ষা নয়, বরং শিক্ষার্থীদের ব্যবহারিক বিজ্ঞান চর্চায় আগ্রহী করে তোলা। এখান থেকে বাছাইকৃত সেরা প্রজেক্ট ও আইডিয়াগুলোকে পরবর্তীতে জেলা ও জাতীয় পর্যায়ে পাঠানো হবে এবং তরুণ উদ্ভাবকদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।"


অনুষ্ঠানের শেষ পর্বে অংশগ্রহণকারী বিজয়ী দল ও সেরা আইডিয়া প্রদানকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। মেলাটি ঘিরে স্থানীয় শিক্ষার্থী ও বিজ্ঞানপ্রেমীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে।