কচুয়ায় বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে বাগেরহাটের কচুয়ায় এক বিশাল বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৩ জুন) দুপুর ১২ টায় কচুয়া উপজেলা বিএনপির উদ্যোগে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ।
উপজেলা পরিষদ কার্যালয় সংলগ্ন এলাকায় আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আসিফ হায়দার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন। এছাড়াও জেলা, উপজেলা বিএনপির আমন্ত্রিত অতিথিবৃন্দ অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন।
উদ্বোধকের বক্তব্যে সরদার জাহিদ বলেন, "পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের দল এই বিশাল উদ্যোগ নিয়েছে। পাঁচ বছরে ২৫ কোটি চারা রোপণের এই লক্ষ্যমাত্রা সফল করতে কচুয়া উপজেলার প্রতিটি ইউনিয়নে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে বিএনপি কাজ করে যাবে।"
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসিফ হায়দার তাঁর বক্তব্যে বিএনপির এই পরিবেশবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানান এবং উপজেলার পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
বৃক্ষরোপণ কর্মসূচির এই উদ্বোধনী অনুষ্ঠানে কচুয়া উপজেলা বিএনপি নেতা হাজরা আসাদুল ইসলাম পান্না, যুবদল নেতা সেখ এমদাদুল হক মাসুদ, সেখ সুজন ,কৃষক দল নেতা আল মামুন মুক্তি,লাবু, জেলা সেচ্ছাসেবক দল নেতা সরদার নাহিদ, ছাত্রদলের রিয়াজ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ উপস্থিত সবার মাঝে গাছের চারা বিতরণ করেন এবং চারা রোপণ করে কর্মসূচির শুভ সূচনা করেন।
