গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খালে, আহত ২
মো: মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল : গোপালগঞ্জ শহরের পাচুরিয়া নিউ মার্কেট এলাকার একটি বেইলি ব্রিজ ভেঙে মালবাহী ট্রাক খালে পড়ে গেছে। এ দুর্ঘটনায় ট্রাকের চালক ও সহকারীসহ দুইজন আহত হন।
স্থানীয়রা দ্রুত উদ্ধার করে আহতদের হাসপাতালে পাঠান। দুর্ঘটনার কারণে ওই এলাকায় সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
ঘটনার পর প্রশাসন ও সড়ক বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা ব্রিজটি দ্রুত মেরামত এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের উদ্যোগ নিয়েছেন।
এদিকে, ঘোনাপাড়া, সদর হাসপাতাল, চাপাইলসহ আশপাশের এলাকা থেকে গোপালগঞ্জ শহরে যাতায়াতকারী যানবাহনগুলোকে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হয়েছে, যাতে যানজট ও ভোগান্তি কমে আসে।
স্থানীয়রা জানান, পুরোনো ও ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ দিয়ে ভারী যান চলাচলের কারণে এ ধরনের দুর্ঘটনা বাড়ছে, তাই স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন তারা।
