ঢাকা মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ২ ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ১৭ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

নড়াগাতীতে যুবদলের মাদকবিরোধী অভিযান

প্রকাশিত: ১৬ জুন ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ০৬.৩০ পি.এম
নড়াগাতীতে যুবদলের মাদকবিরোধী অভিযান
www.dailyranggaprovat.com

মো: মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল : নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী এলাকায় যুবদলের উদ্যোগে মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়েছে। রোববার সন্ধ্যায় নড়াগাতী যুবদলের সদস্য সচিব সাখাওয়াত হোসেন ঝুনু চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে সাখাওয়াত হোসেন ঝুনু চৌধুরী বলেন, মাদকের বিষয়ে তাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। বিশেষ করে যুব ও তরুণ সমাজের একটি অংশ মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে, যা উদ্বেগজনক। তারা চান, মাদকে আসক্ত ব্যক্তিরা ভুল পথ থেকে ফিরে এসে স্বাভাবিক জীবনে ফিরে আসুক।

তিনি জানান, মাদকসেবী ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের সচেতন করা এবং সমাজের মূলধারায় ফিরিয়ে আনাই এ উদ্যোগের প্রধান উদ্দেশ্য। ইতোমধ্যে অভিযানের ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে। কয়েকজন মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ী নিজেদের ভুল স্বীকার করে অনুতপ্ত হয়েছেন এবং স্থানীয় জনগণের উপস্থিতিতে ভবিষ্যতে মাদক থেকে দূরে থাকার অঙ্গীকার করেছেন।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম বলেন, সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা পেলে মাদকের ভয়াবহতা অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। যুবদলের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের সামাজিক কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

এদিকে নড়াইল-১ আসনের সংসদ সদস্য আলহাজ বিশ্বাস জাহাঙ্গীর আলম এক বার্তায় বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না এবং নতুন প্রজন্মকে রক্ষায় জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে।