কচুয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের কচুয়া উপজেলার পদ্মনগর গ্রামে এক শিশুকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। একই সাথে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি সভাপতি সরদার জাহিদের নামে দায়েরকৃত মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ প্রত্যাহারের দাবিতে এক বিশাল প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৭ জুন বিকেলে পদ্মনগর কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে স্থানীয় সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রতিবাদ কর্মসূচী ও মানববন্ধনে বক্তৃতা করেন সরকারী কচুয়া সি এস মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক সমীর বরন পাইক,সাবেক প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসেন, সাবেক চেয়ারম্যান খান শহিদুল ইসলাম, খতিব মুফতি ইজারা কেন্দ্রীয় জামে মসজিদ ও আলহাজ্ব বজলুর রহমান মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মাওলানা ইমরান হুসাইন, বিশিষ্ট সমাজ সেবক আতাউর রহমান মন্টু।
মানববন্ধনে বক্তারা বলেন, পদ্মনগর গ্রামে এক ছোট্ট শিশুকে শ্লীলতাহানির চেষ্টার মতো একটি জঘন্য অপরাধ সংঘটিত হয়েছে। কিন্তু প্রকৃত অপরাধীকে আড়াল করতে এবং মূল ঘটনাটি ভিন্ন খাতে মোড় নিতে একটি মহল উঠে পড়ে লেগেছে। এরই অংশ হিসেবে সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা মূলকভাবে স্থানীয় বিএনপি সভাপতি সরদার জাহিদের নামে মিথ্যা ও বানোয়াট অভিযোগ এনে তাকে রাজনৈতিক ও সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে।
বক্তারা আরও উল্লেখ করেন, সরদার জাহিদ একজন সম্মানিত ব্যক্তি এবং এলাকার জনপ্রিয় নেতা। প্রকৃত অপরাধের সাথে তার দূরতম কোনো সম্পর্ক নেই। আসল অপরাধীকে আড়াল করতেই এই নোংরা ষড়যন্ত্রের আশ্রয় নেওয়া হয়েছে। অবিলম্বে এই মিথ্যা অভিযোগ প্রত্যাহার করে শ্লীলতাহানির প্রকৃত অপরাধীকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান এলাকাবাসী। তা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
প্রতিবাদ সভা ও মানববন্ধনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ পদ্মনগর গ্রামের শত শত সাধারণ মানুষ ব্যানার-ফেস্টুন হাতে অংশ নেন।
