পাবনায় মাদকবিরোধী কর্মশালা ও প্রশিক্ষণ
বিশেষ প্রতিনিধি : পাবনায় মাদকাসক্তিমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তুলতে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে দিনব্যাপী কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিদের মাদকের কুফল সম্পর্কে সচেতন করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ ও মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরিতে শিক্ষকদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
পরে মাদকাশক্তিমুক্ত শিক্ষাঙ্গন তথা সমাজ বিনির্মাণে শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা মাদকের বিস্তার রোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, পাবনার উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর বলেন, সমাজের সকল স্তরের মানুষকে মাদকের আগ্রাসনের বিরুদ্ধে সচেতন ও প্রতিরোধী করে তুলতেই এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে।
