ঢাকা শনিবার ২০ জুন ২০২৬ ৬ ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ২১ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আশাশুনির খাল থেকে মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১৯ জুন ২০২৬, শুক্রবার, সময়ঃ ০৭.৫১ পি.এম
আশাশুনির খাল থেকে   মরদেহ উদ্ধার
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) :  আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বেউলা পশ্চিম বিলের খাল থেকে আব্দুর রহিম মালি (৬০) নামের মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) সকাল ৭টার দিকে খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত আব্দুর রহিম মালি আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর গ্রামের মৃত ফরিদ উদ্দিন মালির ছেলে। 

মৃত রহিম মালির জামাতা মহিউদ্দীন সরদার জানান, তার শ্বশুর আব্দুর রহিম মালি মানসিক ভারসাম্যহীন ছিলেন। বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়া শেষে রাত্র ৮.৩০ টার দিকে বাড়ির উঠানে ঘোরাফেরা করছিলেন। সকলের অগোচরে তিনি বাড়ি থেকে বাইরে বের হয়ে আর ফিরে আসেননি। শুক্রবার সকাল ৬.৩০ টার দিকে বুধহাটা ইউনিয়নের বেউলা পশ্চিম বিলের খালে আব্দুর রহিমের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা তার বাড়িতে খবর দেয়। 

খবর পেয়ে স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। এসময় তার চোখে ও মুখে আঘাতের চিহ্ন ছিল বলে জানা যায়।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমদ খান বলেন, এলাকাবাসীর সাথে কথা বলে জানতে পেরেছি আব্দুর রহিম মালি প্রায় ১৫ থেকে ২০ বছরের মত সময় ধরে মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। ধারনা করা হচ্ছে অসাবধানতাবশতঃ খালের পানিতে পড়ে গিয়ে তিনি আর উঠতে পারেননি। খালের পানিতে পড়ে থাকার কারণে কাঁকড়া বা অন্য জলজ প্রাণির আঘাতে তার চোখে ও মুখে সামান্য খতের সৃষ্টি হয়েছে। পরিবারের কারো অভিযোগ নাই। ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরায় মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।