দারিয়াপুরে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ
রাঙা প্রভাত ডেস্ক : জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে, দারিয়াপুর হাটের জায়গা বৃদ্ধি, যানজট নিরসনে বাইপাস নির্মাণের দাবিতে গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি। সোমবার (২২ জুন) সন্ধ্যা ৭টায় গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর বাজারের চারমাথায় কমিউনিস্ট পার্টি, দারিয়াপুর অঞ্চল কমিটি এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। দারিয়াপুর অঞ্চল কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম মাস্টারের সভাপতিত্বে ও অঞ্চল কমিটির সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মিহির ঘোষ, জেলা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা কমিটির সদস্য ময়নুল কবীর মন্ডল, জেলা কমিটির সদস্য এমদাদুল হক মিলন প্রমুখ।
বক্তারা বলেন, বিগত তিন মাসে দফায় দফায় জ্বালানী তেল-গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। এর প্রভাব পড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে। এই সময়ে যে বাজেট দেয়া হয়েছে সেখানে কৃষক, ক্ষেতমজুর, শ্রমিকের সুরক্ষায় কোন বরাদ্দ রাখা হয় নাই। সেই সাথে যুক্তরাষ্ট্রের সাথে যে অসম বাণিজ্য চুক্তি করা হয়েছে তার প্রভাব পড়বে দেশের শ্রমজীবী মানুষের মধ্যে। ফলে মানুষ চোখে অন্ধকার দেখছে। তারা আরো উল্লেখ করেন, সম্প্রতি দেশে হামে শিশুমৃত্যু অব্যহত রয়েছে, মব সন্ত্রাস চলছে, নারী শিশু ধর্ষণ-বলাৎকারের মত ঘটনা বেড়ে চলেছে, বিদ্যুতের লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, সাম্প্রদায়িক উস্কানি দিয়ে দেশে বিশৃংখলা সৃষ্টির পাঁয়তারা চলছে। তারা এসবের প্রতিবাদ জানান। বক্তারা জমি অধিগ্রহণ করে দারিয়াপুর হাটের জায়গা বৃদ্ধি ও যানজট নিরসনে অবিলম্বে বাইপাস নির্মাণের দাবিও জানান।
