ঢাকা বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ২৬ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

ঢাকায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে প্রেসক্লাবের মানববন্ধন

প্রকাশিত: ২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ১২.১১ এ.এম
ঢাকায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে প্রেসক্লাবের মানববন্ধন
www.dailyranggaprovat.com

মো: মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল : ঢাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে নড়াইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নড়াইল প্রেসক্লাব। বুধবার (২৪ জুন) সকালে শহরের আদালত সড়কে আয়োজিত এ কর্মসূচি থেকে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

নড়াইল প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে জেলার কর্মরত সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, মানবাধিকারকর্মী এবং সচেতন নাগরিকরা অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও হয়রানির ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের জন্য গভীর উদ্বেগের বিষয়। সংবাদ সংগ্রহ ও তথ্য পরিবেশনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের বারবার হামলার শিকার হওয়া কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না।

তারা আরও বলেন, গণমাধ্যমকর্মীরা জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করতে মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ফলে সাংবাদিকদের ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়, বরং এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সরাসরি আঘাত।

মানববন্ধনে বক্তব্য দেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এস এম আব্দুল হক, সাধারণ সম্পাদক মাহাবুর রশিদ লাবলু, সিনিয়র সাংবাদিক খায়রুল আরেফিন রানা, সিনিয়র সাংবাদিক কাজী হাফিজুর রহমান এবং সাংবাদিক আল আমিন।

বক্তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা এবং সাংবাদিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।