পুলিশের হাত থেকে আ.লীগ নেতা ছিনিয়ে নেওয়া, রাতেই অভিযানে আটক ৮
মানিক ঘোষ, ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জে জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক ও কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজুকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা করেছে পুলিশ। এ ঘটনায় রাতভর অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) রাতে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় মোস্তাফিজুর রহমান বিজুকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে কালীগঞ্জ শহরের আড়পাড়া এলাকায় নিজ বাসার নিচতলায় দলীয় কার্যালয়ে অবস্থান করছিলেন মোস্তাফিজুর রহমান বিজু। সেখানে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রস্তুতি চলছিল। এ সময় পুলিশ তাকে আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় লোকজন বাধা দিয়ে তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেন।অন্যদিকে, আওয়ামী লীগ নেতাকর্মীদের অভিযোগ, ঘটনাকালে বিজুর ব্যবহৃত মোবাইল ফোন ও মানিব্যাগ পুলিশ নিয়ে যায়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান, এ ঘটনায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০ থেকে ৩০ জনকে আসামি করে মামলা হয়েছে। মঙ্গলবার রাতেই উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
