নড়াগাতীর খাশিয়ালের সড়ক উন্নয়ন কাজ চলমান, এলাকাবাসীর মধ্যে উচ্ছ্বাস
মো: মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল : নড়াইল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম এমপির উদ্যোগে কালিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্যাপক উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। এরই অংশ হিসেবে উপজেলার নড়াগাতী এলাকার ৬নং খাশিয়াল ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ডে একটি গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় ১৫০টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এসব প্রকল্পের মধ্যে সড়ক, ড্রেন, কালভার্টসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কাজ অন্তর্ভুক্ত রয়েছে।
খাশিয়াল ইউনিয়নের চলমান প্রকল্পটি বাস্তবায়িত হলে দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার সমাধান হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, বর্ষা মৌসুমে কাঁচা রাস্তার কারণে চলাচলে যে দুর্ভোগ পোহাতে হতো, উন্নয়ন কাজ শেষ হলে তা অনেকাংশে কমে আসবে।
এলাকাবাসীর প্রত্যাশা, সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমের নেতৃত্বে চলমান উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত থাকলে আগামী এক বছরের মধ্যে নড়াইল-১ আসনের অধিকাংশ কাঁচা রাস্তা পাকাকরণ করা সম্ভব হবে। এতে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও আধুনিক ও গতিশীল হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।
