ঢাকা শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ২৭ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

পাবনায় জাতীয় পর্যায়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন দলকে সংবর্ধণা

প্রকাশিত: ২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০৯.১৫ পি.এম
পাবনায় জাতীয় পর্যায়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন দলকে সংবর্ধণা
www.dailyranggaprovat.com

বিশেষ প্রতিনিধি : জাতীয় পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়া পাবনার সাঁথিয়ার জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দলকে জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছে। আয়োজিত এই অনুষ্ঠানে বিজয়ী ক্ষুদে খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানটি স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে তাবাসসুম এবং সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না। এছাড়া ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রনব কুমারসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্তাব্যক্তিরা সেখানে উপস্থিত থেকে বিজয়ী খেলোয়াড়দের অভিনন্দন জানান।


অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে চ্যাম্পিয়ন দলের প্রতিটি সদস্যকে আর্থিক অনুদান দেওয়া হয়। জেলা প্রশাসক আমিনুল ইসলাম তাঁর বক্তব্যে এই অর্জনকে দেশের সম্পদ হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, সাঁথিয়ার এই খুদে মেয়েদের অবিস্মরণীয় বিজয় পাবনার ক্রীড়া ইতিহাসে এক অনন্য সংযোজন। ভবিষ্যতে তাদের পাশে থেকে সব ধরনের খেলাধুলায় সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি।এর আগে, গত ২০ জুন ফাইনাল ম্যাচে প্রতিপক্ষ নান্দাইল আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-২ ব্যবধানে হারিয়ে চূড়ান্ত শিরোপা ঘরে তোলে জোড়গাছা ইউনাইটেড প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা। তাদের এই টানা দ্বিতীয় জয় পাবনাবাসীকে আনন্দে ভাসিয়েছে এবং প্রত্যন্ত এলাকার অন্যান্য কোমলমতি শিশুদের ক্রীড়াক্ষেত্রে এগিয়ে যেতে নতুন করে পথ দেখাবে।