ঢাকা শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ২৮ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

অবৈধ বালু উত্তোলনে জিরো টলারেন্স- এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম

প্রকাশিত: ২৭ জুন ২০২৬, শনিবার, সময়ঃ ০৬.৫৮ পি.এম
অবৈধ বালু উত্তোলনে জিরো টলারেন্স-  এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম
www.dailyranggaprovat.com

মো: মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল : নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম শনিবার (২৭ জুন) কালিয়া উপজেলায় দিনব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিদর্শন করেন। কর্মসূচির অংশ হিসেবে তিনি নদীভাঙন কবলিত এলাকা ঘুরে দেখেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন, বারইপাড়া সেতুর নির্মাণকাজের অগ্রগতি পর্যালোচনা করেন এবং কালিয়া ও নড়াগাতী থানার বিভিন্ন সড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করেন।

নদীভাঙন এলাকা পরিদর্শনকালে তিনি বলেন, "অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। এমনকি আমার নিকটতম ব্যক্তি বা দলের কোনো নেতাকর্মী জড়িত থাকলেও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

তিনি জানান, অবৈধ বালু উত্তোলনের কারণে নদীভাঙন বৃদ্ধি পাচ্ছে এবং মানুষের বসতভিটা ও কৃষিজমি হুমকির মুখে পড়ছে। এ বিষয়ে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

পরে তিনি বারইপাড়া সেতুর নির্মাণকাজ পরিদর্শন করে প্রকৌশলী, ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি সেতুর গুণগত মান নিশ্চিত করতে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের কাজ না করার কঠোর নির্দেশনা দেন এবং দ্রুত উদ্বোধনের লক্ষ্যে মানসম্মতভাবে কাজ শেষ করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় তিনি কালিয়া ও নড়াগাতী থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের চলমান উন্নয়ন কাজও পরিদর্শন করেন। সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারদের সঙ্গে কথা বলে নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। দিনব্যাপী এসব উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে তিনি ব্যস্ত সময় অতিবাহিত করেন।

দিনব্যাপী পরিদর্শনে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।