খেলাধুলা ও ধর্মীয় মূল্যবোধে তরুণদের উদ্বুদ্ধ করতে মাঠে মুফতি লিয়াকত হোসেন
মো: মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল : নড়াইলের কালিয়া উপজেলার ১০ নং পহরডাঙ্গা ইউনিয়নে তরুণদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রেখে খেলাধুলা এবং নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে ফুটবল বিতরণ করেছেন সমাজসেবক মুফতি লিয়াকত হোসেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি তরুণদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বলেন, "শুধু পড়ালেখা ও খেলাধুলায় মনোযোগী হলেই হবে না, নিয়মিত নামাজ আদায় করে স্রষ্টার হক আদায় করতে হবে। ধর্মীয় বিধি-নিষেধ মেনে চলার মধ্যেই ব্যক্তি, পরিবার ও সমাজের প্রকৃত কল্যাণ নিহিত রয়েছে।"
তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মকে মাদক, অপরাধ ও মোবাইল আসক্তির মতো সামাজিক ব্যাধি থেকে রক্ষা করতে খেলাধুলার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগেই একটি সুন্দর ও আদর্শ সমাজ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে স্থানীয় যুবসমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় মুফতি লিয়াকত হোসেন জানান, তিনি আগামী ১০ নম্বর পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
