কলাপাড়ায় খালের বাঁধ অপসারণ, রক্ষা পেল গোলগাছে বাগান
অশোক মুখার্জী, কলাপাড়া (পটুয়াখালী) : পটুয়াখালীর কলাপাড়ায় খালের বাঁধ অপসারণ করায় রক্ষা পেল গোলগাছের বাগান । অবৈধভাবে বাঁধ নির্মাণ করায় পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছিল। এতে উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের রমজানপুর এলাকার খালের তীরবর্তী গোলগাছের গোড়া পচন ধরার পাশাপাশি পরিবেশেরও ক্ষতি হচ্ছিল। শনিবার শেষ বিকালে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ডালবুগঞ্জ ইউনিয়নের রমজানপুর এলাকার একে একে তিনটি খালের বাঁধ অপসারণ করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক নিজ হাতে কোদাল চালিয়ে কার্যক্রমের সূচনা করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো.আরাফাত হোসেন উপস্থিত ছিলেন। তিনি বলেন, খালের পানিপ্রবাহ স্বাভাবিক থাকলে গোলগাছসহ জলজ উদ্ভিদ ও জীববৈচিত্র্য সংরক্ষিত হবে, পাশাপাশি কৃষিজমির পানি নিষ্কাশনও সহজ হবে।
স্থানীয় বাসিন্দারাও খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
