মাদকমুক্ত সমাজ গঠনে দৃঢ় প্রতিজ্ঞ: আলহাজ্ব কোবাদ শিকদার
★ তরুণদের সচেতন করতে গণসংযোগ ও জনসচেতনতায় জোর।
নড়াইল প্রতিনিধি : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নড়াইলের কালিয়া উপজেলার ১০ নং পহরডাঙ্গা ইউনিয়নে মাদকবিরোধী সচেতনতা কার্যক্রমে গুরুত্ব দিচ্ছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ কোবাদ শিকদার।
তিনি বলেন, "মাদকমুক্ত সমাজ গড়তে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। মাদকের ভয়াল থাবা থেকে আমাদের তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে পরিবার, সমাজ ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে।"
আলহাজ্ব কোবাদ শিকদার আরও বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তাই তিনি তরুণদের খেলাধুলা, শিক্ষা, ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে তিনি ইউনিয়নের বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ নিয়ে মানুষের পাশে রয়েছেন। বিভিন্ন সভা-সমাবেশ ও গণসংযোগে তিনি মাদক, সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান জানিয়ে আসছেন।
তিনি বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে পহরডাঙ্গা ইউনিয়নকে একটি মাদকমুক্ত, শান্তিপূর্ণ ও উন্নয়নবান্ধব মডেল ইউনিয়নে পরিণত করতে সর্বাত্মক চেষ্টা করবেন।
এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, তরুণদের মাদক থেকে দূরে রাখতে সচেতনতা বৃদ্ধি, খেলাধুলার প্রসার এবং সামাজিক সম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ সময়ের দাবি। এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে ইউনিয়নে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশা প্রকাশ করেন।
