ঢাকা সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ৩০ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আশাশুনিতে উপকারভোগীদের মাঝে সবজি বাগানের উপকরণ বিতরণ

প্রকাশিত: ২৮ জুন ২০২৬, রোববার, সময়ঃ ০৯.৫২ পি.এম
আশাশুনিতে উপকারভোগীদের মাঝে সবজি বাগানের উপকরণ বিতরণ
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার ৭৫ জন উপকারভোগীর মাঝে বসতবাড়িভিত্তিক সবজি বাগান স্থাপনের জন্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। রবিবার (২৮ জুন) বিকাল ৪ টায় আশাশুনি মডেল মসজিদ কমপ্লেক্স মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের আর্থিক সহায়তায় এবং ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত ইনক্লুসিভ কমিউনিটি রেজিলিয়েন্স টু ডিজাস্টার অ্যান্ড ক্লাইমেট ভালনারেবিলিটিস-৩ (ICRDCV-III) প্রকল্পের আওতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাস এবং মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস প্রকল্প সমন্বয়কারী (হিউম্যানিটারিয়ান) এসএম মনোয়ার হোসেন। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শ্যামানন্দ কুন্ডু বলেন, উপকূলীয় এলাকার জনগণের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বসতবাড়িভিত্তিক সবজি চাষ একটি অত্যন্ত কার্যকর উদ্যোগ। এধরনের সময়োপযোগী উদ্যোগ গ্রহণের জন্য তিনি ইএসডিও ও মুসলিম এইডকে ধন্যবাদ জানান। কর্মসূচির আওতায় প্রতাপনগর ইউনিয়নের গোকুলনগর গ্রামের ২৫ জন, রুইয়ারবিল গ্রামের ২৬ জন এবং শ্রীউলা ইউনিয়নের বিল বকচর ও বিল থানাঘাটা গ্রামের ২৪ জনসহ সর্বমোট ৭৫ জন উপকারভোগীর মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। প্রতি উপকারভোগীকে ১০,০০০ টাকা  মূল্যের উপকরণ সহায়তা প্রদান করা হয়েছে, যার মধ্যে পরিবহন ব্যয় বাবদ ৫০০ টাকা অন্তর্ভুক্ত। বিতরণকৃত উপকরণের মধ্যে ২০ প্রকারের সবজি বীজ, ৬ ধরনের সার, নীল নাইলনের জাল, বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা, ইয়েলো ট্র্যাপ, ফেরোমন ট্র্যাপ, স্প্রেয়ার এবং অন্যান্য প্রয়োজনীয় কৃষি উপকরণ রয়েছে। 

উল্লেখ্য, উপকরণ বিতরণের পূর্বে সকল উপকারভোগীকে বসতবাড়িভিত্তিক সবজি চাষ বিষয়ে মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হয়। সরকারি কৃষি বিভাগের রিসোর্স পারসনগণ প্রকল্পের সহায়তায় প্রশিক্ষণ পরিচালনা করেন। যাতে উপকারভোগীরা আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু পদ্ধতিতে সবজি উৎপাদনের মাধ্যমে পারিবারিক পুষ্টি ও আয় বৃদ্ধি করতে পারেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, প্রকল্পের কর্মকর্তা এবং উপকারভোগীগণ উপস্থিত ছিলেন। ইএসডিও ও মুসলিম এইড ভবিষ্যতেও দুর্যোগপ্রবণ উপকূলীয় জনগোষ্ঠীর জীবিকা উন্নয়ন, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা এবং জলবায়ু সহিষ্ণুতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্প মানেজার (ICRDCV-III) মোঃ শামসুল হক মৃধা। তাঁর সাথে প্রকল্পের অন্যান্য কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।