ঢাকা সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ৩০ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

মাছের প্রজনন রক্ষায় কঠোর পদক্ষেপ, নবগঙ্গা নদীতে অবৈধ জাল জব্দ

প্রকাশিত: ২৮ জুন ২০২৬, রোববার, সময়ঃ ০৯.৫৬ পি.এম
মাছের প্রজনন রক্ষায় কঠোর পদক্ষেপ, নবগঙ্গা নদীতে অবৈধ জাল জব্দ
www.dailyranggaprovat.com

মো: মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়ন সংলগ্ন নবগঙ্গা নদীতে মাছের প্রজনন ও জলজ সম্পদ সংরক্ষণে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য বিভাগ। রবিবার (২৮ জুন) পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত অভিযানে নদী থেকে ১,০০০ মিটার কারেন্ট জাল, ৫০০ মিটার মশারী জাল এবং ২০০ মিটার চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। জব্দকৃত মোট ১,৭০০ মিটার অবৈধ জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযানে নড়াগাতী নৌপুলিশ ও বড়দিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাস বলেন, মাছের নিরাপদ প্রজনন, জীববৈচিত্র্য এবং জলজ সম্পদ রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। তিনি জানান, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী নদী ও উন্মুক্ত জলাশয়ে অবৈধ জাল ব্যবহার বন্ধে জনসচেতনতার পাশাপাশি আইন প্রয়োগও জোরদার করা হচ্ছে, যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ নিশ্চিত করা যায়।