ঢাকা সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ৩০ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

ঘুড়ির পেছনে ছুটে আর ফেরা হলো না: নড়াইলে স্কুলছাত্রের মৃত্যু

প্রকাশিত: ২৯ জুন ২০২৬, সোমবার, সময়ঃ ০৮.৩৩ এ.এম
ঘুড়ির পেছনে ছুটে আর ফেরা হলো না: নড়াইলে স্কুলছাত্রের মৃত্যু
www.dailyranggaprovat.com

মো: মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল : নড়াইলের কালিয়া উপজেলার নোয়াগ্রামে সুতাকাটা ঘুড়ি ধরতে গিয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্র। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত হুসাইন (১৩) উপজেলার নোয়াগ্রামের দক্ষিণপাড়া গ্রামের সাবু শেখের ছেলে এবং স্থানীয় শাহবাগ ইউনাইটেড একাডেমির সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা মালয়েশিয়া প্রবাসী। ছেলের মৃত্যুর খবর পেয়ে তিনি দেশে ফিরে এসেছেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে হুসাইন বন্ধুদের সঙ্গে মাঠে ফুটবল খেলছিল। খেলা শেষে সে বাড়ির পাশের বিল এলাকায় ঘুড়ি ওড়াতে যায়। একপর্যায়ে ঘুড়ির সুতা কেটে গেলে সেটি ধরতে বিলের ভেতরে ছুটে যায়।

পরে তার সঙ্গে থাকা কয়েকজন বন্ধু শাপলা ফুল তুলতে গিয়ে বিলের কাদামাটির মধ্যে হুসাইনকে মাথা নিচের দিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে তিনি মৃত বলে নিশ্চিত হন।

খবর পেয়ে কালিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তদন্তকারী কর্মকর্তা এসআই দিবাকর সরকার জানান, নিহতের গলায় ঘুড়ির সুতা পেঁচানো অবস্থায় পাওয়া গেছে। তবে শরীরে বড় ধরনের দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

কালিয়া থানার ওসি ইদ্রিস আলী জানান, এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পাওয়া গেলে এবং তদন্তে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বিভিন্ন গুঞ্জন ছড়িয়ে পড়লেও, সেগুলোর পক্ষে এখন পর্যন্ত কোনো প্রমাণ বা আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

একটি সুতাকাটা ঘুড়ির পেছনে ছুটতে গিয়ে সম্ভাবনাময় এক কিশোরের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার, সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।