ঢাকা সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ৩০ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

রাজস্ব বাড়াতে চাঁদাবাজি ও দুর্নীতি নিয়ন্ত্রণের আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান

প্রকাশিত: ২৯ জুন ২০২৬, সোমবার, সময়ঃ ০১.০৫ পি.এম
রাজস্ব বাড়াতে চাঁদাবাজি ও দুর্নীতি নিয়ন্ত্রণের আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান
www.dailyranggaprovat.com

রাঙা প্রভাত ডেস্ক : চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের দৌরাত্ম্য কমানো গেলে বর্তমান লক্ষ্যমাত্রার চেয়েও বেশি রাজস্ব আদায় সম্ভব বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার মতে, কর ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা গেলে ব্যবসায়ী ও করদাতাদের আস্থা বাড়বে এবং রাজস্ব প্রবাহ স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাবে।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের করদাতারা বর্তমানে একাধিক স্তরের চাপের মুখে পড়ছেন। তার ভাষায়, একজন করদাতাকে শুধু সরকারি কোষাগারে কর দিলেই শেষ হয় না; এর বাইরে অনানুষ্ঠানিকভাবে বিভিন্ন পক্ষকে অতিরিক্ত অর্থ দিতে হয়, যা চাঁদাবাজি ও অনিয়মের মাধ্যমে আদায় করা হয়। এতে প্রকৃত কর ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়ে।

তিনি আরও বলেন, যদি করদাতাদের জন্য এমন একটি নিশ্চিত পরিবেশ তৈরি করা যায় যেখানে তারা শুধু একবারই বৈধভাবে কর প্রদান করবেন এবং কোনো অতিরিক্ত চাপ থাকবে না, তাহলে স্বতঃস্ফূর্তভাবে কর প্রদানে আগ্রহ বাড়বে। এতে রাজস্ব আদায়ও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

ব্যবসায়ীদের আস্থা তৈরির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, রাষ্ট্র ও প্রশাসনের প্রতি আস্থা থাকলে ব্যবসায়ীরা নিয়মিত ও স্বচ্ছভাবে কর দিতে আগ্রহী হন। উন্নত দেশগুলোর উদাহরণ টেনে তিনি বলেন, সেখানে করদাতারা নিরাপদ পরিবেশ ও রাষ্ট্রীয় সুরক্ষা পাওয়ার কারণে স্বতঃস্ফূর্তভাবে কর প্রদান করেন।