ঢাকা সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ৩০ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কালিয়ায় শুরু তিন দিনব্যাপী ‘ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ’

প্রকাশিত: ২৯ জুন ২০২৬, সোমবার, সময়ঃ ০১.২৪ পি.এম
কালিয়ায় শুরু তিন দিনব্যাপী ‘ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ’
www.dailyranggaprovat.com

মো: মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল : কৃষিকে আরও আধুনিক, টেকসই ও জলবায়ু-সহিষ্ণু করে গড়ে তোলার লক্ষ্যে নড়াইলের কালিয়া উপজেলা কৃষি অফিস চত্বরে সোমবার (২৯ জুন) থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৬’।

সকাল ১১টায় এক বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে মেলার শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নড়াইলের উপপরিচালক কৃষিবিদ মুহাম্মদ আরিফুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কালিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিনাতুল ইসলাম।

আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করে কৃষি উৎপাদন অব্যাহত রাখা এবং কৃষকদের আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচিত করাই এ মেলার মূল উদ্দেশ্য। মেলায় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের স্টলে উন্নত কৃষি প্রযুক্তি, আধুনিক যন্ত্রপাতি, উন্নত জাতের ফসল, সাশ্রয়ী সেচ ব্যবস্থা এবং জলবায়ু-সহনশীল কৃষি উদ্ভাবন প্রদর্শন করা হচ্ছে।

মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। আগামী ১ জুলাই বিকেল ৪টায় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই মেলার পর্দা নামবে।