আশাশুনিতে সমন্বিত পানি ও বর্জ্য ব্যবস্থাপনা বাস্তবায়নে কর্মশালা
প্রকাশিত: ২৯ জুন ২০২৬, সোমবার, সময়ঃ ০৭.৫৯ পি.এম
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) :
আশাশুনি ‘রুপান্তরের’ আয়োজনে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম বাস্তবায়নে পৌরসভা ও ইউনিয়ন পরিষদের অর্ধবার্ষিক অগ্রগতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) বেলা ১১ টায় উপজেলা মডেল মসজিদ হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
গোফরইমপ্যাক্ট প্রকল্পের আওতায় সুইসকন্টাক্ট ও ওয়াটারএইড বাংলাদেশের সহযোগিতায় ইউপি সদস্য, সরকারি কর্মকর্তা, ইউপির প্রশাসনিক কর্মকর্তা, সিএসও সদস্য সহ অন্যান্যদের অংশ গ্রহণে কর্মশালায় দল ভিত্তিক সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ছয় মাসের কর্মপরিকল্পনা তৈরী ও উপস্থাপন করা হয়। এছাড়া বিভিন্ন ইউপির সদস্যবৃন্দ অভিজ্ঞতা বিনিময়সহ রূপান্তরের সাথে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক দুইটি পারস্পরিক শিক্ষা সফরের অভিজ্ঞতা বর্ণনা করেন।
কর্মশালায় সহায়ক হিসাবে বক্তব্য রাখেন প্রকল্পের কো-অর্ডিনেটর–ক্যাপাসিটি বিল্ডিং কর্মকর্তা মোছাঃ জোহুরা খাতুন মীরা। এসময় বিভিন্ন লাইনে এজেন্সির কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুস সালাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম ও ডিপিএইচইর সহকারী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান ।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শোভনালী ইউপি চেয়ারম্যান মোঃ আবু বক্কর সিদ্দিক ও আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস। অনুষ্ঠানে বক্তারা পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি আগামী ছয় মাসের পরিকল্পনা প্রণয়নসহ সফল বাস্তবায়নের অঙ্গীকার প্রকাশ করেন।
