খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
প্রকাশিত: ৩০ জুন ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ০১.৫৮ পি.এম
রাঙা প্রভাত ডেস্ক :
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যোগ দিতে যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সরকারের একটি নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট সূত্র মতে, স্পিকার আগামী জুলাইয়ের শুরুতেই ইরানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। আগামী ৪ থেকে ৯ জুলাই তেহরান, কোম, ইরাক ও মাশহাদে খামেনির জানাজা ও দাফনের ব্যাপক আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
গত ২৮ ফেব্রুয়ারি তেহরানের নিজ কার্যালয়ে মার্কিন-ইসরায়েলি যৌথ অভিযানে নিহত হন ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলি খামেনি। এই ঘটনার পর ইরান সরকার তাৎক্ষণিকভাবে দেশটিতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক এবং ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা করেছিল। দীর্ঘ প্রস্তুতি ও দীর্ঘসূত্রতার পর আগামী জুলাই মাসে তার দাফনের তারিখ চূড়ান্ত করা হয়।
ইরানি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কেবল রাজধানী তেহরানেই ১৫ থেকে ২০ মিলিয়ন (দেড় থেকে দুই কোটি) এবং পুরো দেশজুড়ে কয়েক কোটি মানুষের সমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশটির গণমাধ্যমগুলো একে ইতিহাসের অন্যতম বৃহত্তম শোকযাত্রা হিসেবে অভিহিত করছে। খামেনির এই অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে বাংলাদেশ ছাড়াও ইরাক, পাকিস্তান, আফগানিস্তান, সিরিয়া, লেবানন ও ভারতসহ বেশ কয়েকটি বন্ধুভাবাপন্ন দেশকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে ইরান।
