শিক্ষকের বাড়িতে ডাকাতি, হামলায় আহত; আতঙ্কে এলাকাবাসী
মো: মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল : নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার নলামারা গ্রামে সি.এম.বি. ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সুনীল ব্যাপারী-এর বাড়িতে সংঘটিত ডাকাতি ও হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (২৯ জুন ২০২৬) গভীর রাতে সংঘটিত এ ঘটনায় শিক্ষক সুনীল ব্যাপারী আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের দাবি, একদল দুর্বৃত্ত গভীর রাতে তাঁর বাড়িতে প্রবেশ করে ডাকাতির ঘটনা ঘটায়। এ সময় বাধা দিতে গেলে সুনীল ব্যাপারীকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন। তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে চিকিৎসকদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, একজন শিক্ষকের বাড়িতে এমন ঘটনা শুধু একটি পরিবারের ওপর হামলা নয়, বরং সমাজের নিরাপত্তা ব্যবস্থার জন্যও উদ্বেগের বিষয়। তারা দ্রুত প্রকৃত অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম বলেন, “ঘটনার রাতেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
