ঢাকা রোববার ০৫ জুলাই ২০২৬ ২১ ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৬ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

গৌরনদী মডেল মসজিদের নির্মান কাজ বন্ধ, চালুর দাবীতে মানববন্ধন

প্রকাশিত: ০৪ জুলাই ২০২৬, শনিবার, সময়ঃ ০৭.০৩ এ.এম
গৌরনদী মডেল মসজিদের নির্মান কাজ বন্ধ,  চালুর দাবীতে মানববন্ধন
www.dailyranggaprovat.com

হাসান মাহমুদ, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বরিশালের গৌরনদীতে নির্মাণাধীন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণকাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় মুসল্লি, গণ্যমান্য ব্যক্তি ও সচেতন নাগরিকরা। শুক্রবার (৩ জুলাই) বাদ জুমা গৌরনদী উপজেলার আশোকাঠীতে মডেল মসজিদ নির্মাণস্থলের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন গৌরনদী উপজেলা মুসল্লীগণ। 

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, সরকার দেশের প্রতিটি উপজেলায় আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ নিলেও গৌরনদীতে দীর্ঘদিন ধরে নির্মাণকাজ বন্ধ থাকায় সাধারণ মুসল্লিদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। দ্রুত কাজ পুনরায় শুরু করে নির্ধারিত সময়ে প্রকল্পটি সম্পন্ন করার দাবি জানান তারা।

বক্তারা বলেন, মডেল মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়; এটি ইসলামিক শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ, গণপাঠাগার এবং সামাজিক-ধর্মীয় কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই সরকার প্রকল্পটি গ্রহণ করেছে। তাই নির্মাণকাজ দীর্ঘদিন বন্ধ থাকায় এলাকার মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। 

মানববন্ধন চলাকালীণ সময়ে বক্তব্য রাখেন, সাবেক কাউন্সিলর শহিদুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান আকবর, সাবেক ছাত্রদল নেতা এনামুল হক, আবু সাঈদ, নুর আলম সহ অন্যান্যরা। এসময় বক্তারা, দ্রুত সময়ের মধ্যে সরকারের অধিগ্রহনকৃত স্থানে মডেল মসজিদ নির্মানকাজ পূনরায় শুরু করার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি’র হস্তক্ষেপ কামনা করেন। তবে কি কারনে মসজিদ নির্মান কাজ বন্ধ হয়েছে তা জানাতে পারেননি বক্তারা। মসজিদ নির্মানকারী ঠিকাদার টিপু সুলতান বলেন, বরিশাল গণপূর্ত বিভাগ থেকে আমাকে মৌখিক ভাবে নির্মান কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। তাই কাজ বন্ধ রেখেছি। তিনি আরও বলেন, মসজিদ নির্মানের প্রায় ৩০% কাজ সম্পন্ন হয়েছে। সে হিসেবে আমি প্রায় আড়াই কোটি টাকার বিল নিয়েছি। এবিষয়ে জানতে বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর মুঠোফোনে ফোন করা হলেও তার নাম্বার বন্ধ পাওয়ায় বক্তব্য নেওয়া যায়নি।