ঢাকা রোববার ০৫ জুলাই ২০২৬ ২১ ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৬ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

নড়াইলে আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার

প্রকাশিত: ০৫ জুলাই ২০২৬, রোববার, সময়ঃ ০৭.০৩ পি.এম
নড়াইলে আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার
www.dailyranggaprovat.com

মো: মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল : নড়াইলে তিন দিনের টানা অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির ঘটনায় লুণ্ঠিত গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে ৫ জন ডাকাত এবং ১ জন লুণ্ঠিত মালামালের ক্রেতা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ জুন রাত আনুমানিক ২টার দিকে নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা (মধ্যপাড়া) গ্রামের বাসিন্দা সালাহ উদ্দীন খাঁনের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। দেশীয় ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে তার হাত বেঁধে আলমারির চাবি ছিনিয়ে নেয়। পরে আলমারিতে থাকা নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়। এ সময় তার ছেলে আশিকুর রহমানকেও বেঁধে রেখে যায় ডাকাতরা।

ঘটনার পর সালাহ উদ্দীন খাঁন নড়াগাতী থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। মামলার তদন্তে নড়াইলের পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)-এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), সিসিআইসি ও নড়াগাতী থানার একাধিক টিম মাঠে নামে।

গত ২ থেকে ৪ জুলাই পর্যন্ত নড়াইল, খুলনা ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাত চক্রের ৫ সদস্য ও লুণ্ঠিত স্বর্ণের এক ক্রেতাকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় গলিত লুণ্ঠিত স্বর্ণ।

গ্রেফতাররা হলো— জাকির মোল্লা ওরফে জেকের আলী (৪৮), জাকির হোসেন তালুকদার ওরফে কাটাপ্পা (৫৪), পারভেজ মৃধা ওরফে দারোগা (৩৬), মফিজ খাঁ (৩৮), দীন ইসলাম মোল্লা (৪২) এবং স্বর্ণকার সরজিৎ কর (৪৫)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা পাখিমারা গ্রামের ডাকাতির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তারা আরও জানায়, ছদ্মনাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে নড়াইলসহ খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল।

পুলিশ জানায়, গ্রেফতারদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন জেলায় একাধিক ডাকাতি ও চুরির মামলা রয়েছে। জাকির মোল্লার বিরুদ্ধে ৫টি, পারভেজ মৃধার বিরুদ্ধে ৪টি, জাকির হোসেন তালুকদারের বিরুদ্ধে ৫টি এবং মফিজ খাঁর বিরুদ্ধে ৩টি মামলা বিচারাধীন রয়েছে।

পুলিশ জানিয়েছে, ডাকাত চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।